OMG! মিড ডে মিলের ডিম ব্যাগে ঢোকাচ্ছেন প্রিন্সিপাল! ভাইরাল হতেই দিলেন উল্টো যুক্তি?

স্কুলে গেলে দুপুরে পেট ভরে খাবার মিলবে, এই আশাতেই অনেক পড়ুয়া বিদ্যালয়ে আসে। বিশেষত, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য মিড ডে মিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভরসা। শিশুদের শরীরে পুষ্টি যোগানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। কিন্তু প্রায়শই মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ শোনা যায়। কখনও খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে, কখনও খাবারে পোকামাকড় বা অন্য কিছু পাওয়া যায়, আবার কখনও সামগ্রী চুরির অভিযোগ ওঠে। এবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে বিহারে। একটি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে মিড ডে মিলের ডিম চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রিন্সিপাল মিড ডে মিলের জন্য আসা ডিম নিজের ব্যাগে ভরছেন এবং পরে সেই ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। এই ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার রিখর গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে। একজন ব্যক্তি গোপনে এই ঘটনার ভিডিও করেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজ্য শিক্ষা দফতর দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত প্রিন্সিপাল সুরেশ সাহানিকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং তার কাছে এই অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তবে প্রিন্সিপাল সুরেশ সাহানির দাবি, তিনি ডিম চুরি করেননি। তার বক্তব্য, তিনি স্কুলের রাঁধুনিকে দেওয়ার জন্যই ব্যাগে করে ডিম নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই যুক্তিতে অভিভাবকরা সন্তুষ্ট নন। ঘটনার কথা জানাজানি হতেই অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন এবং প্রিন্সিপালের অপসারণের দাবি জানান।

এই ঘটনার পর শিক্ষা দফতর তদন্ত শুরু করেছে। মিড ডে মিলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সামগ্রী চুরির অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা মিড ডে মিলের স্বচ্ছতা এবং পরিচালন ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।