পাইলটের ভুুলেই ঘটে দুর্ঘটনা! বিপিন রাওয়াত মৃত্যুরহস্যে প্রকাশ্যে এলো সব তথ্য

তিন বছর আগে, ঠিক এই সময়েই এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন। ঘন কুয়াশার মধ্যে তামিলনাড়ুর কুন্নুরের কাছে একটি পাহাড়ে ধাক্কা মারে বায়ুসেনার চপারটি। এই দুর্ঘটনার কারণ নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। অবশেষে, তিন বছর পর, এই রহস্যের জট খুলেছে।
প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির লোকসভায় পেশ করা একটি রিপোর্টে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ঘটা ৩৪টি বিমান দুর্ঘটনার উল্লেখ করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৯টি বিমান দুর্ঘটনা ঘটেছিল, এবং প্রতিটি দুর্ঘটনার কারণ ছিল পাইলটের ভুল। এই তালিকায় বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে চালকের ভুলের কারণেই সেদিন ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল।
কী ঘটেছিল সেই দিন?
বায়ুসেনার অত্যন্ত শক্তিশালী চপার Mi-17 V5-এ নিজের স্ত্রীসহ মোট ১২ জন জওয়ানকে নিয়ে তামিলনাড়ুর সুলুরের বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন সিডিএস বিপিন রাওয়াত।
ভারতীয় বায়ুসেনা ঘাঁটি থেকে বেলা ১১:৫০ মিনিটে চপারটি যাত্রা শুরু করে।গন্তব্য থেকে মাত্র ১০ কিমি দূরে, বেলা ১২:২০ মিনিটে সেটি ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি খুব নিচ দিয়ে ওড়ার কারণে সরাসরি পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীসহ ১১ জন প্রাণ হারান।
গুরুতর আহত হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ, যিনি এক সপ্তাহ পর মারা যান।
এই রিপোর্টের মাধ্যমে, দীর্ঘ প্রতীক্ষিত এই দুর্ঘটনার আসল কারণ অবশেষে জানা গেল। পাইলটের ভুলের কারণেই দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতকে হারাতে হয়, যা দেশের সামরিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।