২৫ ডিসেম্বর ছুটি বাতিল করেছে কেন্দ্রীয় সরকার, রাজ্যের ছুটি কি বহাল থাকবে? – জানালেন মমতা

শীতের আমেজ আর উৎসবের মেজাজ একসাথে মিলেমিশে একাকার। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হল বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। উৎসব চলবে ১৯শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আমি এই উৎসবের সূচনা করলাম। এই ফেস্টিভ্যাল চলবে ১৯ থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত। ২৪ ও ২৫ তারিখ এই দু’দিন এখানে কোনো গাড়ি চলবে না। শুধুমাত্র হাঁটা এবং মুখরোচক খাবারের আয়োজন থাকবে। অন্যান্য বারের মতোই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক শিল্পী এসে গান গাইবেন। কারণ, কলকাতা হল দেশের সাংস্কৃতিক রাজধানী।”

তিনি আরও বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, ক্রিসমাস মানে আনন্দ, ক্রিসমাস মানে শান্তি, ক্রিসমাস মানে ঐক্য।”

প্রতিবারের মতো এবারও পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসবের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, “বাবা সাহেব আম্বেদকরের ২৫শে ডিসেম্বরের মন্তব্য নিয়ে আমি ‘শকড’। এটা একটা জাতীয় ছুটির দিন ছিল, যা কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমি কখনই এমন করি না। আমাদের রাজ্যে এই দিনটিতে ছুটি আছে। আমরা চাই সবাই এই দিনটা আনন্দ করে কাটাক, চার্চে যাক, প্রার্থনা করুক। আমিও ২৪শে ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনায় যোগ দিই এবং নিজেকে ভাগ্যবতী মনে করি।”

রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্য সরকার প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই ক্রিসমাস উৎসবের আয়োজন করে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি এই অনুষ্ঠানের সূচনা করেছিলাম। এর পুরো কৃতিত্ব সাধারণ মানুষের। আমরা সব ধর্ম, সব উৎসবকে ভালোবাসি। সব ধর্ম, সব বর্ণের মানুষকে নিয়েই আমরা চলি। এখন সব জেলাতেই এই উৎসব উদযাপন করা হচ্ছে। আমি কলকাতার অনেক রাস্তাই ঘুরে দেখেছি, এক কথায় দারুণ একটা উৎসবের রূপ নিয়েছে।”

এদিনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী দার্জিলিং মেলো টি ফেস্টেরও সূচনা করেন। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। উৎসব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন খাবারের স্টল এবং আলোকসজ্জা উৎসবের শোভা আরও বৃদ্ধি করেছে।