‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট আহত ৮ বছরের শ্রী তেজ এখনও ভেন্টিলেশনে, ব্রেন ড্যামেজের আশঙ্কা

মায়ের সঙ্গে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হওয়া আট বছরের শিশু শ্রী তেজ ১৪ দিন পরেও ভেন্টিলেশনে রয়েছে। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ তেজকে হাসপাতালে দেখতে গিয়ে জানান, শিশুটির ব্রেন ড্যামেজ হয়েছে এবং পুরোপুরি সেরে উঠতে অনেক সময় লাগবে।
গত ৪ ডিসেম্বর ৩৯ বছর বয়সী রেবতী তাঁর ছেলে তেজের সঙ্গে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন। পেইড প্রিমিয়ার হওয়ার কারণে সিনেমা হলে প্রচুর ভিড় ছিল। হঠাৎ করেই ছবির নায়ক আল্লু অর্জুন সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণী তারকাকে এক ঝলক দেখার জন্য হল চত্বরে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেই বিশৃঙ্খল পরিস্থিতিতেই রেবতী ও তাঁর ছেলে পদপিষ্ট হন।
পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রেবতীকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তেজকে হাসপাতালে ভর্তি করা হয়। হায়দরাবাদের কেআইএমএস কাডেলস হাসপাতালে চিকিৎসাধীন তেজের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, তেজের নিউরোলজিক্যাল অবস্থার কোনও উন্নতি হয়নি। তাকে এখনও অক্সিজেন ও অন্যান্য সাপোর্টে রাখতে হচ্ছে।
চিকিৎসকরা তেজের ট্র্যাকিওটোমি করার কথা ভাবছেন। ট্র্যাকিওটোমি হল একটি অস্ত্রোপচার পদ্ধতি, যার মাধ্যমে শ্বাসনালীতে একটি পাইপ প্রবেশ করিয়ে রোগীর শ্বাসপ্রশ্বাসের সুবিধা করে দেওয়া হয়। এমনটা করা হলে তেজকে ভেন্টিলেটর থেকে সরানো হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, তার জ্বর এখন অনেকটাই কমেছে এবং শরীরের অন্যান্য প্যারামিটারও স্থিতিশীল। তবে ব্রেন ড্যামেজ হওয়ায় তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক।
এই ঘটনার জেরে গত সপ্তাহে ‘পুষ্পা ২’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি এক রাত জেলেও ছিলেন। যদিও পরে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দেয়। ঘটনার পরপরই আল্লু অর্জুন রেবতীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন। তবে, শিশু তেজের এই সঙ্কটজনক অবস্থা সকলের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।