বড় আইনি জটিলতার মুখে সুপারস্টার আল্লু অর্জুন, বাতিল হতে পারে অন্তর্বর্তী জামিন?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও আইনি গেরোয় পড়তে চলেছেন। সূত্রের খবর, তেলঙ্গানা পুলিশ তাঁর অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে।
ঘটনার সূত্রপাত ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শোতে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের আকস্মিক উপস্থিতিতে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় এবং থিয়েটারের মূল প্রবেশদ্বার ভেঙে যায়। এই দুর্ঘটনায় রেবতী নামে ৩৫ বছর বয়সী এক মহিলা প্রাণ হারান এবং তার আট বছরের ছেলে শ্রী তেজ গুরুতর আহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে গত ১৩ই ডিসেম্বর আল্লু অর্জুনকে হায়দরাবাদের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধে আল্লু অর্জুন তেলঙ্গানা হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট সেদিনই তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় অভিনেতাকে এক রাত জেলেই কাটাতে হয়।
জেল থেকে মুক্তির পর আল্লু অর্জুন প্রিমিয়ার শোতে মহিলার মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ওই পরিবারের পাশে থাকার এবং তাদের আর্থিক সাহায্য করার ঘোষণাও করেন।
নিউজ ১৮ এর সূত্র অনুযায়ী, তেলঙ্গানা পুলিশ হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে। আইনজীবীদের মতে, যদি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন খারিজ করে দেয়, তাহলে আল্লু অর্জুনকে আবারও জেলে যেতে হতে পারে।
‘পুষ্পা’ তারকার আইনি জটিলতা এখনও শেষ হয়নি এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে।