কাজের সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ! রাজ্যের নতুন নিয়মে শুরু হলো শোরগোল

বর্তমান যুগে আট থেকে আশি সকলেই মুঠোফোনের প্রতি আকৃষ্ট। প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন, এমনকি কারও কারও কাছে একাধিক ফোনও দেখা যায়। এর ফলে মনোযোগের ব্যাঘাত ঘটছে, অফিসের কাজ থেকে পড়াশোনা—সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কাজ ফেলে অনেকে মগ্ন স্মার্টফোনের ভার্চুয়াল দুনিয়ায়।

এবার এই সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, বিশেষ করে কর্তব্যরত পুলিশ অফিসারদের ক্ষেত্রে। দেখা গেছে, ডিউটির সময় অনেক পুলিশ অফিসারই মোবাইলে ব্যস্ত থাকছেন, কেউ রিল বানাচ্ছেন, কেউ বা সেলফি তুলছেন। সোশ্যাল মিডিয়াতেও তাদের এই ধরনের কার্যকলাপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে অনিয়ম রুখতে সোমবার থেকে নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার। এখন থেকে ডিউটিতে যোগ দেওয়ার আগে পদস্থ অফিসারের কাছে ব্যক্তিগত মোবাইল জমা দিতে হবে। প্রশাসনিক কাজের জন্য অফিসের মোবাইল ব্যবহার করা গেলেও, বাকি সময় তা বন্ধ রাখতে হবে।

রাজ্য পুলিশের ডিজির এই নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত জেলা পুলিশ সুপারের অফিসে পাঠানো হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ভিআইপি সুরক্ষা এবং অপরাধী ধরার অভিযানে থাকা পুলিশ কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করা হবে।

রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা জানান, চাকরির শর্ত অনুযায়ী কর্তব্যরত অবস্থায় পুলিশ অফিসারদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু বেশিরভাগ পুলিশ কর্মী এই নিয়ম মানেন না। নিয়ম না মেনে তাদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভিআইপি ডিউটিতে থাকা অনেক পুলিশ কর্মীও নিয়ম ভঙ্গ করছেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিআইপিদের সাথে সেলফি তোলা বা রিল বানানোর মতো ঘটনাও ঘটছে।

এই নিয়ম আপাতত হরিয়ানায় চালু হয়েছে। প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গেও কি এমন নিয়ম চালু হবে? এ প্রসঙ্গে রাজ্য পুলিশের প্রশাসনিক বিভাগের এক পদস্থ কর্তা জানান, এই সমস্যা সারা দেশের সমস্ত রাজ্যেই আছে। হরিয়ানা এক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যকেও এই পথে হাঁটতে হতে পারে।