“চুমু পেলে চুমু খাব, কার বাপের কী?”- মেট্রো স্টেশনের VIRAL KISS-এ কবিতা লিখলেন বিরসা

সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে এক তরুণ-তরুণীর প্রকাশ্যে চুম্বনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এসেছে। শনিবার থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে দেখা যায়, এক যুগল মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে চুম্বনরত অবস্থায় রয়েছে। কলকাতার মেট্রো স্টেশনে এই ধরনের দৃশ্য আগে তেমন দেখা যায়নি বললেই চলে।
নেটিজেনদের একাংশ যখন এই জুটির সমালোচনায় মুখর, ঠিক তখনই তাদের সমর্থনে এগিয়ে এসেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
বিরসা দাশগুপ্ত এবং তার স্ত্রী বিদিপ্তা চক্রবর্তী প্রায়শই তাদের সোশ্যাল মিডিয়া পেজে চুম্বনরত ছবি পোস্ট করেন। তারা কখনোই তাদের অনুভূতি প্রকাশে দ্বিধা বোধ করেননি। তাই কালীঘাট স্টেশনের ঘটনায় যখন শহর উত্তাল, তখন বিরসা এই যুগলের পক্ষ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।
বিরসা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “চুমু পায়। ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায়, স্নানের সময় গান পায়, আদরের পর সিগারেট পায়, পড়তে বসলে ঘুম পায়, তেমনই।” তিনি আরও লেখেন, “তাই চুমু পেলে চুমু খাব, যখন যেখানে ইচ্ছে। কার বাপের কী?”
পরিচালকের এই পোস্ট অনেকেই সমর্থন করেছেন, আবার কেউ কেউ এর সমালোচনাও করেছেন। এই পোস্টটি নিচে দেওয়া হলো:
উল্লেখ্য, কিছুদিন আগে বিরসা ও বিদিপ্তার একটি ছবি নিয়েও অনেক আলোচনা হয়েছিল। নিজেদের বিবাহবার্ষিকীতে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন পরিচালক। তাদের অসমবয়সী প্রেম এবং বিয়ে নিয়েও নিন্দুকেরা অনেক কথা বলেছিলেন। তবে বিরসা ও বিদিপ্তা সেসব সমালোচনায় কান না দিয়ে প্রায়ই তাদের ভালোবাসার প্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে থাকেন।