মেসেজ ঢুকলেই A/C থেকে কেটে যাবে টাকা, ব্যাঙ্কের এই নতুন নিয়ম জানেন কি ?

বছরের শেষে ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এবার থেকে আপনার মোবাইলে ব্যাঙ্কিং লেনদেনের মেসেজ এলেই পকেট থেকে টাকা কাটা হবে। অনেকেই এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। টাকা কাটার আগেই এই নতুন আপডেটটি জেনে নেওয়া জরুরি।

আগেকার দিনে ব্যাঙ্কের লেনদেনের হিসাব রাখার জন্য নিয়মিত পাসবুক আপডেট করার প্রয়োজন পড়ত। কিন্তু বর্তমানে মোবাইল ব্যাঙ্কিং এবং এসএমএস অ্যালার্টের যুগে পাসবুক আপডেট বা ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজনীয়তা প্রায় নেই বললেই চলে। অ্যাকাউন্টে টাকা জমা হোক বা তোলা, অথবা চেক ক্লিয়ার হওয়া – সমস্ত তথ্যই এখন মেসেজের মাধ্যমে পাওয়া যায়। অনেকেই মনে করেন এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। তবে এই ধারণাটি সঠিক নয়। এই এসএমএস অ্যালার্ট পরিষেবার জন্য ব্যাঙ্কগুলি সাধারণত চার্জ কাটে।

এবার দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের এসএমএস পরিষেবার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য গ্রাহকদের প্রতি এসএমএস পিছু ২৫ পয়সা করে দিতে হবে। অর্থাৎ, প্রতি ত্রৈমাসিকে (তিন মাসে একবার) ১৫ টাকা করে চার্জ কাটা হবে। এই নতুন নিয়ম গত ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। সুতরাং, এখন থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের মোবাইলে ব্যাঙ্কিং অ্যালার্টের মেসেজ এলেই তার জন্য সার্ভিস ফি দিতে হবে।

তবে কিছু গ্রাহক এই এসএমএস চার্জ থেকে অব্যাহতি পাবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাঙ্কের কর্মী, বেতনভুক্ত অ্যাকাউন্ট হোল্ডার, ছোট এবং বেসিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ক্ষেত্রে এই এসএমএস চার্জ প্রযোজ্য হবে না। এর আগে ২০২১ সালে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর নিয়ম অনুযায়ী অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের এসএমএস চার্জ বাড়িয়েছিল।