BigNews: ভিক্ষা দিলেই হবে পুলিশ কেস! জেনেনিন BIG STEP নিলো ভারতের কোন রাজ্য?

রাস্তায় চলতে চলতে কোনো ভিক্ষুককে পয়সা দিলেই হতে পারে বিপদ। এমনকি আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এমন একটি নিয়ম চালু হতে চলেছে।

ইন্দোর শহরকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে প্রশাসন কাজ করছে এবং সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকে যদি কেউ কোনো ভিক্ষুককে টাকা দেন, তাহলে তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করবে জেলা প্রশাসন। ইন্দোরের ডিস্ট্রিক্ট কালেক্টর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরে ভিক্ষা নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “এই মাসের শেষ পর্যন্ত ভিক্ষা রুখতে আমাদের প্রচার চলবে। ১ জানুয়ারি থেকে যদি কাউকে কোনো ভিক্ষুককে আর্থিক সাহায্য করতে দেখা যায়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।” তার স্পষ্ট বার্তা, ইন্দোরের কোনো বাসিন্দা যেন কোনো ভিক্ষুককে টাকা না দেন।

কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ইন্দোরকে ভিক্ষুকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এই প্রকল্পের অধীনে ১০টি শহর রয়েছে, সেগুলি হলো: দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইন্দোর, লখনউ, মুম্বাই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদ।

এর আগে ইন্দোরে ভিক্ষুকদের রুখতে পরপর অভিযান চালানো হয়েছে। সেই কাজ করতে গিয়ে সরকারি কর্মীরা নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যেমন, এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে ৭৫ হাজার টাকা পাওয়া গেছে। কোনো ভিক্ষুকের পাকা বাড়ির খোঁজ মিলেছে। এমনকি এমনও দেখা গেছে যে, কারো সন্তান ভালো চাকরি করেন। রাজস্থান থেকে একটি পরিবার ইন্দোরে এসে একটি হোটেলে থেকে শহরে ভিক্ষা করছিল, এমন ঘটনাও নজরে এসেছে।

মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা জানিয়েছেন, এই কাজে ইন্দোরের একটি সংস্থা সরকারকে সাহায্য করছে। সংস্থাটি ভিক্ষুকদের ৬ মাসের জন্য আশ্রয় দেবে এবং তাদের জন্য কাজ খুঁজতে সাহায্য করবে। তিনি আরও জানান, ভিক্ষাবৃত্তির মতো পরিস্থিতি থেকে নাগরিকদের বের করে আনার জন্যই প্রশাসন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।