“ডোনাল্ড ট্রাম্প একজন বুদ্ধিমান ব্যক্তি”- জানালেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে অভিহিত করেছেন। কাজাখস্তান সফরকালে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
পুতিন এমন এক সময় এ মন্তব্য করলেন, যখন রিপাবলিকান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ছে। তার মন্তব্য, ‘ট্রাম্প সমস্যা সমাধান করার সামর্থ্য রাখেন।’
‘আমার যতদূর ধারণা, আরেক দফায় নির্বাচিত প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রকৃত অর্থেই একজন বুদ্ধিমান ব্যক্তি। এরই মধ্যে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, তিনি সমাধানের একটি পথ খুঁজে বের করবেন।’
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন পুতিন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এ হুঁশিয়ারি দেন।