বিশেষ: মহাকাশে কেন নজর বেসরকারি সংস্থাদের? কী লাভ? কী মত প্রাক্তন ISRO বিজ্ঞানীর

চন্দ্রযান-৩-এর সাফল্যে ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছেছে। এই মহাকাশযান তৈরিতে ইসরোর পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের প্রশংসা করেছেন প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণন। তিনি বলেন, “এটা একটি ভালো দিক। কারণ যখনই বেসরকারি কোম্পানিগুলি কোনও বিষয়ে এগিয়ে আসে তখন মাথায় খেলে তহবিলের বিষয়টি। তাই সরকারের তহবিলের বিষয়টি নিয়ে আর চিন্তা করতে হয় না। সারা জীবন করদাতাদের থেকে কর আদায়ের বিষয়টিকে আমি এখনও সমর্থন করি না। আমার মতে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে সরকারের উচিত অর্থ সংগ্রহ করা।”

বেসরকারি সংস্থাগুলির অবদান:

চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে যেসব বেসরকারি সংস্থার অবদান রয়েছে তাদের মধ্যে প্রথমেই নাম আসে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড (Tata Consulting Engineers Limited-TCE)। এই সংস্থা মূলত চন্দ্রযান ৩ মহাকাশযানের ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেছে। স্বতন্ত্র এবং দেশীয়ভাবে নির্মাণ করেছে জটিল বা ক্রিটিকাল সিস্টেম এবং সাব-সিস্টেম।

অন্যদিকে লারসেন অ্যান্ড টউব্রো (Larsen & Toubro- L & T) ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের ক্ষেত্রে একাধিক উপকরণ (কম্পোনেন্ট) সরবরাহ করেছে। চন্দ্রযান-৩ নির্মাণের ক্ষেত্রে এইসব উপকরণ ব্যবহার করা হয়েছে।

এছাড়াও ওয়ালচাঁদনগর ইন্ডাস্ট্রি (Walchandnagar Industries) নির্মাণ করেছে লুনার মিশন ভেহিকেলের কম্পোনেন্ট। ফার্সট-স্টেড বুস্টার ( first-stage booster) এবং নজেল কন্ট্রোল ট্যাঙ্ক (nozzle control tanks) তৈরি করেছে এই সংস্থা। এর উচ্চতা ৮০ ফুট এবং ব্যাস ১২ ফুটের বেশি।

এছাড়াও গোদরেজ অ্যান্ড বয়েস (Godrej & Boyce), সেন্টাম ইলেক্ট্রনিক্স (Centum Electronics), অনন্থ টেকনোলজিস (Ananth Technologies-ATL), ওমনিপ্রেজেন্ট রোবোটিক টেকনোলজিস লিমিডেট (Omnipresent Robotic Technologies Ltd), সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি (Semiconductor Laboratory-SCL), হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ( Hindustan Aeronautics Limited০HAL), ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (Bharat Heavy Electricals Limited -BHEL), এমটিএআর টেকনোলজিস (MTAR Technologies), মিশ্র ধাতু নিগম (Mishra Dhatu Nigam-MIDHANI, কেলট্রন ( KELTRON), কেরালা মিনারেলস অ্যান্ড মেটালস (Kerala Minerals and Metals-KMML), কোরটাস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড (Kortas Industries Pvt Ltd), ভজ্র রবার প্রোডাক্টস ( Vajra Rubber Products) যুক্ত রয়েছে চন্দ্রযান-৩-এর কারিগরির সঙ্গে।

উপসংহার:

চন্দ্রযান-৩-এর সাফল্যের পর বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের প্রবণতা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল। আর এতেই আরও বেশি করে ফুলেফেঁপে উঠবে ভারতের মহাকাশ গবেষণা। আর বেশি প্রসারিত হবে। অর্থনৈতিক কাঠামো মজবুত হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত কাঠামোও মজবুত হবে।