SPORTS: পার্থে জোড়া রেকর্ড গড়লেন জয়সওয়াল, খবরে উচ্ছসিত ক্রিকেট প্রেমীরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় দিনে জোড়া রেকর্ড গড়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভিন্ন রূপে ধরা দিয়েছেন। ৯০ রানের অপরাজিত ইনিংসে ছড়িয়েছেন আলো।

এক পঞ্জিকা বর্ষে টেস্টে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন জয়সওয়াল। সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম ২০১৪ সালে হাঁকিয়েছিলেন ৩৩টি ছক্কা। জয়সওয়াল ৩৪টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সওয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।

ম্যাককালামকে ছাড়ানোর দিনে আরও একটি রেকর্ড গড়েন জয়সওয়াল। ভারতীয় দলের কোচ ও সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে তিনি পেছনে ফেলেছেন। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ব্যাটার ছিলেন গম্ভীর। ১৬ বছর পর তাকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল।

তরুণ এ ক্রিকেটার এখন ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ব্যাটার। ২০০৮ সালে গম্ভীর ৭০.৫৭ গড়ে ১,১৩৪ রান করেছিলেন। চলতি বছর জয়সওয়াল ৫৭.৫৭ গড়ে তুলেছেন ১,২০৯ রান।