বিশেষ: জলের বোতলে মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে কেন? জেনেনিন সেই কারণ?

আমাদের মাঝে সচেতন প্রায় সবাই দোকান থেকে কিছু কেনার আগে একটা বিষয়ের প্রতি গভীর নজর ও মনোযোগ দেন যে—পণ্যটার মেয়াদ আছে তো? পণ্যের গায়ে লেখা মেয়াদোত্তীর্ণের তারিখ ঠিকঠাক থাকলে নিশ্চিন্ত। না থাকলে হয়তো অভিযোগ করা হয় বা পণ্যটা বদলে নেওয়া হয়।
কিন্তু জল কেনার সময় কি বোতলের গায়ে মেয়াদের তারিখটা দেখেন? বেশির ভাগ মানুষই বলবেন, জলের আবার মেয়াদ কিসের? মেয়াদ যদি না-ই থাকে, তাহলে জলের বোতলে মেয়াদ উল্লেখ থাকে কেন?

কারণ, যে প্লাস্টিকের বোতলের মধ্যে জল ভরা থাকে,সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে জলের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। বোতলজাত জলে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে জলের মধ্যে রাসায়নিক উপাদান মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

এই রাসায়নিক উপাদানগুলো শরীরে গেলে ব্রেস্ট ক্যানসার, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক থেকে জলের মধ্যে গন্ধ, ব্যাকটেরিয়া মিশে যাওয়ার, এমন কী জলের স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে রোদ থেকে এড়িয়ে কোনো ঠাণ্ডা জায়গায় রাখার চেষ্টা করুন।

একইসঙ্গে কোমল পানীয়য়ের বোতল যদি পরবর্তীকালে জলের বোতল হিসেবে ব্যবহার করেন, তাহলে ১৫ থেকে ২০ দিনের বেশি তা ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বোতলগুলো ফেলে দেওয়ার সময়ে অবশ্যই বোতলটি নষ্ট করে দেবেন। না হলে এই বোতলই ফের ঘুরে ফিরে আপনার ঘরে কখন চলে আসবে টেরও পাবেন না।