দিল্লির বার্গার কিং হত্যাকাণ্ডে নতুন মোড়, গ্রেপ্তার হলেন ‘লেডি ডন’ অন্নু ধানকর

দিল্লির রাজৌরি গার্ডেনের বার্গার কিং-এ ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দিল্লি পুলিশ বড় সাফল্য পেয়েছে। এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত, ‘লেডি ডন’ নামে পরিচিত ১৯ বছরের অনু ধনকরকে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ জুন, দিল্লির রাজৌরি গার্ডেনের বার্গার কিং রেস্তোরাঁয় আমন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল। পুলিশ তদন্তে জানা গেছে, অনু ধনকর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমনের সাথে পরিচয় করেছিল এবং তাকে বার্গার কিং-এ ডেকে নিয়ে গিয়েছিল। ঘটনার সময় অনু আমনের সাথেই উপস্থিত ছিল।

অন্নু ধনকর কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের ঘনিষ্ঠ সহযোগী। পুলিশের সূত্রে জানা গেছে, অনু এই হত্যাকাণ্ডের পরে মুখার্জিনগরে লুকিয়ে ছিল এবং সেখান থেকে কাশ্মীরের কাটরা চলে যাওয়ার চেষ্টা করছিল।

পুলিশের স্পেশাল সেল দীর্ঘদিন ধরে অনুকে খুঁজছিল। অবশেষে তাকে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় অনু স্বীকার করেছে যে সে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং হিমাংশু ভাউ এবং সাহিল রিটোলিয়ার নির্দেশে এই কাজ করেছিল।

অনু ধনকর জানিয়েছে যে হিমাংশু ভাউ তাকে আমেরিকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পরে হিমাংশু তাকে মুখার্জিনগর থেকে চলে যেতে বলেছিল এবং নেপাল হয়ে আমেরিকা যাওয়ার পরামর্শ দিয়েছিল।