BigNews: প্রাক্তন রাষ্ট্রপতির প্রাসাদ থেকে ১ কোটি ৭৯ লাখ টাকা উদ্ধার
শ্রীলংকার পলাতক প্রাক্তন প্রেসিডেন্ট গোয়াতায়া রাজাপাকসের প্রাসাদ থেকে মোট ১ কোটি ৭৯ শ্রীলংকান টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার (৩০ জুলাই) রাজধানী কলম্বোর আদালতে হলফনামা দিয়ে শ্রীলংকার পুলিশ সে কথা জানিয়েছে।
কলম্বো পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ইনভেস্টিগেশন’ জানিয়েছে, গোতাবায়ার প্রাসাদ থেকে উদ্ধার হওয়া ‘শ্রীলংকান টাকার’ অঙ্ক ১ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজারেরও বেশি।
প্রেসিডেন্টের বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ফোর্ট পুলিশের। যদিও তিন সপ্তাহ ধরে ফোর্ট পুলিশের তরফে আদালতে সেই বিপুল পরিমাণ অর্থ কেন জমা দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন কলম্বো আদালতের বিচারক।
উল্লেখ্য, গত ৯ জুলাই প্রবল জনরোষের জেরে কলম্বোর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছিলেন গোতাবায়া। দিন কয়েক নিজের দেশে গা ঢাকা দেওয়ার পর মলদ্বীপ হয়ে পাড়ি দেন সিঙ্গাপুরে। সেখান থেকে ইমেলে পদত্যাগপত্র পাঠান শ্রীলংকা পার্লামেন্টের স্পিকারের কাছে। গোতাবায়া আত্মগোপন করার পরেই তার প্রাসাদের দখল নিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও আন্দোলনকারীদের একাংশ দাবি করেছিল।