বলিউডের এই স্টারকিডকে ভীষণ পছন্দ অনন্যার! ফাঁস করলেন অভিনেত্রী নিজেই
‘কফি উইথ কারন’ মানেই বলিউড পাড়ার একাধিক অজানা খবর সামনে চলে আসা। সম্প্রতি কারন জোহরের মুখোমুখি হয়েছিলেন অনন্যা পান্ডে ও বিজয় দেবেরাকোন্ডা। লাইগার ছবিতে জুটি বেঁধেছেন দু’তারকা। ছবি নিয়ে কথার পাশাপাশি প্রেম, সম্পর্ক নিয়েও অকপট ছিলেন দু’জনেই।
বেশ কিছুদিন ধরেই অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যাকে নিয়ে জোর জল্পনা চলছে। এই শোয়ে সেই গুঞ্জন নিয়ে কথা বলেন অনন্যা। তবে পাশাপাশি নিজের ব্যাপারেই আরও একটি তথ্য ফাঁস করেন চাঙ্কি পান্ডের মেয়ে। বলিউডেরই এক স্টারকিডের উপর নাকি তিনি এক সময় ক্রাশ খেয়েছিলেন।
সেই স্টারকিড আর কেউ নন। শাহরুখ খান ও গৌরী খানের পুত্র আরিয়ান খানকে নাকি মনে ধরেছিল অনন্যার। অনন্যা ও সুহানা খান পরস্পরের ভাল বন্ধু। দু’জনের বড় হয়ে ওঠাও প্রায় একসঙ্গে। আর তাই কারন প্রশ্ন করেন, বন্ধুর দাদার প্রতি কি কখনও ক্রাশ খেয়েছিলেন অনন্যা?
ইতিবাচক উত্তর দেন অনন্যা। বড় হয়ে ওঠার সময়েই আরিয়ান নাকি অনন্যার ক্রাশ ছিলেন। কিন্তু বিষয়টা আর এগলো না কেন? জিজ্ঞাসা করায় অনন্যা উত্তর দেন, ‘ওকে (আরিয়ান) জিজ্ঞাসা করো।’ কারন বলেন, অনন্যা ও আরিয়ানকে জুটি হিসেবে দেখতে তিনি বেশ আগ্রহী।
তবে শুধু অনন্যা নয়। বিজয়ের সম্পর্ক নিয়েও নানা কথা ওঠে এই এপিসোডে। শোনা যায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে সম্পর্কে আছেন। বিজয়ের কথায়, ‘আমরা দুটো ছবি একসঙ্গে করেছি কেরিয়ারের শুরুর দিকেই। ও খুব প্রিয় আর আমার খুব ভাল লাগে। আমরা সত্যিই খুব ভাল বন্ধু। আমাদের বন্ডিংটা ভাল।’ তবে এর থেকে বেশি কিছুই বলেননি বিজয়।