হামাস সরকারের প্রধানকে হত্যার দাবি করলো ইসরায়েল, IDF জানালো গোপন তথ্য

হামাস সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করে।
নিজেদের দাবির পক্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে, তাদের ওই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবদেনে এ খবর জানিয়েছে।
আইডিএফ জানায়, হামলার সময় ওই তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল বলেও দাবি করেছে আইডিএফ।
আইডিএফ দাবি করেছে, হামাস যোদ্ধাদের যেন মনোবল অটুট রাখতে এত দিন হামাস এই তথ্য গোপন রেখেছিল।
ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে, রাভি মুশতাহার সঙ্গে হামাসের আরও দুই জ্যেষ্ঠ নেতা ওই হামলায় প্রাণ হারান। ছবি: সংগৃহীত
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে।