পার্থ চট্টোপাধ্যায় ‘পাপ’ করেছেন: মদন মিত্র

রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গত শনিবার গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। চলছে ইডির তদন্ত। ‘পার্থ চট্টোপাধ্যায় পাপ করেছেন’, এ কথা সাফ জানালেন সারদা-নারদাকান্ডের অন্যতম অভিযুক্ত তথা জেল ফেরত তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্র তাঁর বক্তব্যে বলেছেন, পার্থকে তিনি ১৯৭২ সাল থেকে চেনেন। তারা এক কলেজে পড়তেন। পার্থ এভাবে এত মানুষের চোখের জল ফেলে ঠিক করেননি বলে মন্তব্য করেছেন মদন মিত্র। তিনি বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে আদালতের নির্দেশে আজ, ফের শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়েই তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ পার্থ চট্টোপাধ্যায়ের এই কথার পরই প্রশ্ন ওঠে তাহলে কী ‘পরমাত্মীয়’ মমতা ব্যানার্জিই ষড়যন্ত্র করেছেন তাঁর বিরুদ্ধে?