ডাক্তারিতে ভর্তির টোপ: ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিরূপাক্ষ?

আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে নতুন এক অভিযোগ উঠে এল। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ অভিযোগ করেছেন, বিরূপাক্ষ তাঁর ছেলেকে কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দু’দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু ভর্তি না করিয়ে টাকা ফেরত দিতে অস্বীকার করেছিলেন।
দীন মহম্মদের অভিযোগ অনুযায়ী, তিনি বিরূপাক্ষকে টাকা ফেরত চাইলে হুমকি পেয়েছিলেন। তিন বছর আগে জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করার পরেও কোনও সুরাহা না হওয়ায় তিনি আদালতে মামলা করেন। সম্প্রতি বিরূপাক্ষ ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন কিন্তু বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন।
অভিযোগকারী দীন মহম্মদ বলেন, ‘২০২০ সালে ছেলেকে ডাক্তারিতে ভর্তি করার জন্য বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে আমার পরিচয় হয়। ম্যানেজিং কমিটির কোটায় ৭৬ লক্ষ টাকা দিয়ে কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ছেলেকে ভর্তি করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। আলোচনার পরে একদিন হঠাৎ ফোন করে আমাকে বলেন, ছেলের আসন সংরক্ষণের জন্য ৩ লক্ষ টাকা দিতে হবে। আমি নেট ব্যাঙ্কিং করে তাঁকে ৩ লক্ষ টাকা পাঠিয়ে দিই। পরে আরও ৫ লক্ষ টাকা পাঠানো হয়। এক মাস পরে ফের ১০ লক্ষ টাকা চাইলে আমার সন্দেহ হয়। টাকা ফেরতের কথা বললে, আমাকে হুমকি দেওয়া হয়।’