BigNews: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ‘কোটি কোটি টাকা’ ও গুরুত্বপূর্ণ নথিসহ সোনা

ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকাসহ বিদেশী মুদ্রা ও সোনাদানা।
ইডির তদন্তে বেরিয়ে আসে অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের আর একটি ফ্ল্যাট। বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসনে নিয়ে যাওয়া হল চারটি নোট গোনার যন্ত্র। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ন’তলার ফ্ল্যাটে মিলেছে আরো টাকার খোঁজ। অনুমান করা হচ্ছে সেই ফ্ল্যাটেও পাওয়া যাবে কোটি কোটি টাকা। সেই টাকা গুনতে আনা হয়েছে নোট গোনার যন্ত্র এবং এসেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংককর্মীরাও।
পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে এখন চলছে টাকা গোনার প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী, অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সোনা উদ্ধার করা হয়েছে।