“আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী,-১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কাঞ্চন, কোণঠাসা হতেই ক্ষমা চাইলেন MLA

নিজের অবস্থান বদল করলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সোমবার সারাদিন ধরে বিভিন্ন মহলে সমালোচনা হওয়ার পর তিনি রাতে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়ে ক্ষমা চাইলেন। সম্প্রতি ডাক্তারদের নিয়ে তিনি এক বিতর্কিত মন্তব্য করেন আর সেই কারণেই তাকে হতে হয় সমালোচনার শিকার।
সোশ্যাল মিডিয়ার ভিডিও বার্তায় কাঞ্চন বললেন, “আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী।”, ‘গতকাল (রবিবার) একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটা করছি। প্রথমেই আপনাদের জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত এবং আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি না। বিশ্বাস করুন, অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই ১৮টা দিন, সত্যি বলতে আমারও বাড়িতে মা ছিলেন, আমার স্ত্রী আছেন, সন্তান আছে, এবং আমার বাড়িতে একজন অসুস্থ বৃদ্ধ আছেন যাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয়। আমি জানি যে আমার কাছে ডাক্তারের প্রয়োজন কতটা। এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমার কাছে এসেছেন চিকিৎসার, হাসপাতালে ভর্তির সুপারিশের জন্য। আমি রেকমেন্ড করি। সত্যি বলছি আমার ফোন সারারাত খোলা থাকে। অনেকেই জরুরি ভিত্তিতে আসেন।’
কাঞ্চন আরও বলেন, ‘ডাক্তার আমার কাছে সত্যিই ভগবান স্বরূপ। অন্তর থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র, ডাক্তারদের কোনও ভেদাভেদ করতে চাইনি। আন্দোলনকারী চিকিৎসকেদের এই আন্দোলন ২০০০ শতাংশ যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত। তাঁদের আন্দোলনকে আমি কোনওভাবে ছোট করতে চাই না, আমার স্বপ্নেও আসে না এই কল্পনা। আমি জনপ্রতিনিধি হিসেবে বা শিল্পী হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি, আমার বাড়ির বোন-স্ত্রী-কন্যা সবটা নিয়েই বলছি, সত্যিই আমরা সকলেই বিচার চাই। আমি চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
আরও বলেন, ‘আমার এই মন্তব্যের পর আমার কর্মজগতের অনেক বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। ফোন করাটাই সঙ্গত। তাঁরা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে। আমার কাজের কোনও যুক্তি নেই। তবে একটা কথা বলছি, আমি লজ্জিত। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আন্দোলন ও আন্দোলনকারীদের প্রতি আমার সহস্র, কোটিবার সমর্থন রয়েছে। আমি আবারও বলছি, ক্ষমার থেকে বড় জিনিস হয় না, আমি সেই ক্ষমাটুকু আপনাদের থেকে ভিক্ষা চাইব। আমি আবার চাইব, যে চলে গেছে, সেই সন্তান-হারা পিতা-মাতা যেন সুবিচার পান। তাঁরা যেন দেখতে পান যে দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে। আমি আবারও ক্ষমা চাইছি, আন্দোলন ও আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। We Wantr Justice।’
কাঞ্চন মল্লিক বলেন, “গতকাল একটি মন্তব্য করি, যার জন্য সমালোচিত হই। আমি যা বলেছি, তার জন্য লজ্জিত এবং দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য বলছি না। মাথা পেতে ভুল স্বীকার করছি।” কাঞ্চন এও বলেন, “ক্ষমার চেয়ে বড় কিছু হয় না। আমি সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।”