ফের শুটআউট, বালি কেনাবেচা নিয়ে বচসার জের, বাবুঘাটে চলল গুলি

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রানি রাসমনি অ্যাভিনিউয়ে রাতভর ধরনা চলার সময়, কাছাকাছি বাবুঘাটে একটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এই ঘটনায় কমপক্ষে চার রাউন্ড গুলি চালানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাবুঘাটে বালি কেনাবেচার সময় দাম নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। এই বচসা গুলিবর্ষণে রূপ নেয়। টিঙ্কু নামে এক ব্যবসায়ী এবং তার সহযোগীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। টিঙ্কুকে গ্রেফতারের চেষ্টা চলছে, আর আসিফ ও আরিফকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, বাবুঘাট সহ কয়েকটি ঘাটে অবৈধভাবে বালি তোলা হয়। এই ব্যবসায়ে রাজ্য সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বিক্রেতারা ঘটনাস্থলে না থেকে টেলিফোনে বালি বিক্রি করেন।

উল্লেখ্য, এই গুলিবর্ষণের ঘটনা ঘটার সময় রানি রাসমনি অ্যাভিনিউয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনা চলছিল। এই দুটি ঘটনাকে জড়িয়ে কোনও ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা করছে পুলিশ।

ময়দান থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে।