Cyclone Asna: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’, জেনেনিন বাংলায় কতটা প্রভাব? জানাল হাওয়া অফিস

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসনা’ নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা চলছে। এই ঘূর্ণিঝড়টির প্রভাবে গুজরাটে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বাংলাবাসীদের মনে প্রশ্ন উঠেছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি বাংলায় পড়বে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “না, বাংলায় এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না।” তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কারণে রাজ্যের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এবং ক্রমশ উত্তর-পূর্ব আরব সাগরের পশ্চিম দিকে সরে যাচ্ছে। গত ৮০ বছরে এই ধরনের ঘূর্ণিঝড় মাত্র চারবার দেখা গিয়েছে। সাধারণত নিম্নচাপ সমুদ্রে তৈরি হয়, কিন্তু ‘আসনা’ স্থলে তৈরি হয়ে সমুদ্রে গিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গুজরাটে ভয়াবহ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘আসনা’। তবে বাংলাবাসীদের এই ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদিও বাংলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই।