“এমন একটা সংবেদনশীল ইস্যুতে কোনও উত্তর নেই”- প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রী মমতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদিকে দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় কড়া আইনি পদক্ষেপ করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কে চিঠি লিখেছিলেন । তবে সেই চিঠির জবাবে সন্তুষ্ট নন মমতা।তাই ফের আরও একবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একই ইস্যুতে লিখলেন চিঠি।
মুখ্যমন্ত্রী তাঁর X (আগে টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছেন চিঠির একটি অনুলিপি। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর এই উদ্বেগকে ‘গুরুত্ব সহকারে না নেওয়ার’ অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘এমন একটি সংবেদনশীল বিষয়ে আপনার তরফ থেকে কোনও উত্তর মেলেনি।’
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী যদিও এই বিষয়ে উত্তর দিয়েছিলেন। সেটা উল্লেখ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘আমার চিঠিতে উত্থাপিত ইস্যুটিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এই উত্তর দেওয়ার সময় বিষয়টিকে যথাযথ গুরুত্ব এবং তার সামাজিক প্রাসঙ্গিকতাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।’
তিনি লিখেছেন, ‘রাজ্য সরকারের দৌলতে ১০টি এক্সক্লুসিভ পকসো আদালত অনুমোদিত হয়েছে… এছাড়াও, ৮৮টি FTSCs (ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট) এবং ৬২টি Pocso মনোনীত আদালত রাজ্য জুড়ে সম্পূর্ণ রাজ্যের অর্থায়নের মাধ্যমে কাজ করছে। মামলাগুলির নিরীক্ষণ এবং নিষ্পত্তি সম্পূর্ণভাবে আদালতের হাতে’।
তিনি বলেন, হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলাগুলির গুরুত্বের কারণে, স্থায়ী বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা প্রয়োজন। এটি এমন একটি বিষয় যা ভারত সরকারের পরীক্ষা করা প্রয়োজন। ‘আপনার হস্তক্ষেপের প্রয়োজন হবে,’ লিখেছেন মমতা।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘হেল্পলাইন নম্বর 112 এবং 1098 রাজ্যে ভালভাবে কাজ করছে। এছাড়াও, 100 ডায়ালও জরুরি পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।’