“আরজি করের সেমিনার হলে কারা?”-ছবি দেখিয়ে প্রমাণ লোপাটের তত্ত্ব খারিজ করলো পুলিশ

কলকাতা পুলিশের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে কোনো বহিরাগত প্রবেশ করেনি
কলকাতা পুলিশের তদন্ত অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সেমিনার হলে যেখানে একজন চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেখানে কোনো বহিরাগতের প্রবেশ ঘটেনি। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশিত হওয়ার পর এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।
শুক্রবার, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে বহিরাগতদের প্রবেশ নিয়ে যে দাবি করা হচ্ছে, সেটা ভুল। তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরাই সেখানে গিয়েছিলেন।”
সংবাদ সম্মেলনে ডিসি সেন্ট্রাল দুটি ছবি প্রদর্শন করেছেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের চিহ্নিত করেছেন। তিনি জানান, কলকাতা পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশকর্মী এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ডিসি সেন্ট্রাল বলেন, ‘গত ৯ অগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যেই পুলিশ ওই জায়গা ঘিরে ফেলেছিল। কোনও ভাবেই সেই অংশে বাইরের লোক ঢুকতে পারেননি।’
তিনি বলেন, ‘কর্ডনের ভিতরে যে কেউ ঢুকতে পারবে না। থানার যাঁরা অফিসার আছেন, তাঁরা বছরের পর বছর বিভিন্ন কেস দেখেন। ফলে কোনওভাবেই প্রমাণ লোপাটের কোনও আশঙ্কা নেই।’
পুলিশ আধিকারিক জানান, ‘৪০ ফুটের বাইরেও প্রমাণ থাকতে পারে। আমরা আরজি করের সম্পূর্ণ চত্ত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। সমস্ত তথ্যই আমরা সিবিআইকে হস্তান্তর করেছি।’
তিনি জানান, ‘প্রকাশিত ছবি বিকেল ৪.৪০ নাগাদ তোলা হয়। তদন্তের সঙ্গে যুক্তরা বিভিন্ন সময়ে ঘটনাস্থলে যান।’