“নতুন করে তদন্ত হোক”-RG Kar আবহে ধনঞ্জয়ের ‘কেস রিওপেন’-এর উঠলো দাবি

আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় দোষীকে ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ভবানীপুরের হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসি হওয়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা আবারও আলোচনায় এসেছে। ২০০৪ সালে এই ঘটনায় ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়। তবে, আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে অনেকেই ধনঞ্জয়ের নির্দোষিতার দাবি তুলছেন।
আরজি কর হাসপাতালের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় ধনঞ্জয়ের নাম উঠে এসেছে। রাজ্যের কারা মন্ত্রীও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন।
ধনঞ্জয়ের গ্রাম, বাঁকুড়ার ছাতনায়, অনেকেই এখনও বিশ্বাস করেন না যে তিনি এই অপরাধ করেছিলেন। তারা এই মামলা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন।
গ্রামবাসী, পাড়া প্রতিবেশীদের একাংশ এখনও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ‘দোষী’ মানতে নারাজ। প্রতিবেশী মন্টু বাউরি বলেন, ‘ধনঞ্জয় এলাকায় পরোপকারী হিসেবেই পরিচিত ছিল। প্রথম জীবনে গৃহশিক্ষকতা করত। তারপর কাজ পেয়ে ভবানীপুরে গেল। তারপর যে কী হল! আমরা আজও বিশ্বাস করতে পারি না ও এই ধরনের কোনও কাজ করেছে। আমরা চাই ফের এই ঘটনার তদন্ত হোক।’