পুলিশের ঘেরাটোপে আটক রাহুল গান্ধী, বললেন ভারত একটি পুলিশ রাষ্ট্র

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তারের পূর্বে রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি পুলিশ রাষ্ট্র। (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি একজন রাজা।’

এনডিটিভি জানায়, মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন। সেসময় জিজ্ঞাসাবাদের প্রতিবাদে সড়কে বসে প্রতিবাদ করতে থাকেন তিনি। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকার কারণে প্রায় ৩০ মিনিট পর রাহুলকে আটক করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তারা সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছেন।

সোনিয়া গান্ধী তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইডির অফিসে পৌঁছান। পার্লামেন্টের সড়কে প্রতিবাদের আগে রাহুলও ইডির অফিসে গিয়েছিলেন।

গত ২১ জুলাই প্রথমবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এর আগে করোনায় আক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি তিনি। সেসময় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি।

কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, গান্ধী পরিবার কোনও দুর্নীতিতে জড়িত নয়।