ছুটি চাইতে গেলে দুর্ব্যবহার, পুলিশে অভিযোগ করলেন শিক্ষিকা

বনগাঁর গড়াপোতা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষিকার উপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
ইতিহাসের শিক্ষিকা রাখি মণ্ডল বিশ্বাস মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি চাইতে প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারির কাছে যান। অভিযোগ, শিক্ষকের ছুটির আবেদনপত্র ছুড়ে ফেলে দিয়ে তিনি রাখিকে অপমান করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাখি মণ্ডল বনগাঁ থানায় পঙ্কজ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় স্কুলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে।
পঙ্কজ কুমার এই অভিযোগ অস্বীকার করেছেন।স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশও এই ঘটনায় তদন্ত করছে।
রাখি মণ্ডল বিশ্বাস বলেন, ‘বুধবার আমি মেডিক্যাল গ্রাউন্ডে ছুটির আবেদনপত্র নিয়ে গিয়েছিলাম। উনি তা ছুড়ে ফেলে দেন। আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। আমরা সকলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি। উনি ছাত্রদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারি বলেন, ‘ওই শিক্ষিকা কয়েকদিন আগেই ছুটি নিয়েছিলেন। তাই আমি স্কুলের স্বার্থেই এখন ছুটি দিতে পারব না বলেছিলাম। ছুটির দরখাস্তটি আমার হাত থেকে পড়ে গিয়েছিল। আমি ছুড়ে ফেলিনি। ওঁকে কোনও খারাপ কথাও বলিনি।’