বন্দে ভারতে কবে থেকে চালু হচ্ছে স্লিপার ক্লাস? দিনক্ষণ জানালেন BJP সাংসদ

বন্দে ভারত ট্রেনে স্লিপার ক্লাস চালুর তারিখ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল। এই কৌতূহলের অবসান ঘটিয়ে কর্ণাটকের বিজেপি সাংসদ পি.সি. মোহন একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই সেমি হাই স্পিড ট্রেনে আরামদায়ক বিছানায় শুয়ে যাতায়াত করা যাবে। সেপ্টেম্বর মাসে এই ট্রেনের পরীক্ষামূলক চালানোর ইঙ্গিতও তিনি দিয়েছেন।

গত ২৭ অগস্ট, এক্স (আগের নাম টুইটার) এ একটি পোস্ট করে সাংসদ মোহন জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) প্ল্যান্ট থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বের হবে। এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হবে ডিসেম্বর মাস থেকে।

রেল সূত্রে জানা গেছে, বিইএমএল থেকে বের হওয়া এই ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যাবে। সেখানে পরীক্ষামূলক চালানোর পর ডিসেম্বর মাস থেকে সাধারণ মানুষের জন্য এই সুবিধা চালু করা হবে।

বর্তমানে বন্দে ভারত ট্রেনে শুধু চেয়ার কার রয়েছে। নতুন স্লিপার ক্লাসে ১৬টি কোচ থাকবে এবং মোট ৮২৩টি বার্থ থাকবে। দূরপাল্লার ট্রেনের মতোই এতে ফার্স্ট ক্লাস এসি, এসি টু-টায়ার এবং এসি থ্রি-টায়ার কোচ থাকবে। রেলের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে দেশের বিভিন্ন রুটে ২৫০টি স্লিপার সেমি হাই স্পিড ট্রেন চালু করা হবে।