“হাতে কফি মগ, সিগারেট নিয়ে গল্প”-জেলের ভিতরে রাজার হালে খুনে অভিযুক্ত, ভাইরাল ছবি

খুনের অভিযোগে জেলের ভিতরে থাকা কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে অন্য কয়েকজনের সঙ্গে খুবই আরামে বসে গল্প করতে দেখা যাচ্ছে। হাতে কফি মগ, সিগারেট, চারপাশে সব মিলে মনে হচ্ছে কোনও পিকনিক স্পট।
এই ছবি দেখে রাজ্যের কারা দফতরের কর্তৃপক্ষও চিন্তিত হয়ে পড়েছে। বেঙ্গালুরুর ওই জেলের কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, দর্শন থুগুদীপা তিনজনের সঙ্গে খোশমেজাজে বসে রয়েছে। দেখে মনে হচ্ছে, পিকনিক স্পটে বসে গল্প করছে। তার সঙ্গে যারা বসে রয়েছে তারাও গল্পে মজে। এদের মধ্যে একজন কালো টি শার্ট পরে চেয়ারে বসে। সে কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত। বেঙ্গালুরুর মানুষ তাকে অপরাধী হিসেবে এক নামে চেনে।
বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকা স্বামী নামে একজনকে খুনের অপরাধে জেল হেফাজত হয়েছে দর্শন থুগুদীপার।
দর্শন থুগুদীপাকে বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকা স্বামী নামে একজনকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। রেণুকা দর্শনের একজন ভক্ত ছিলেন। পুলিশের অনুমান, দর্শনের স্ত্রী পবিত্রা গৌড়াকে হেনস্থা করার কারণে রেণুকাকে খুন করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেণুকা পবিত্রাকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মেসেজ পাঠাতেন। এই ঘটনার পরই রেণুকা নিখোঁজ হয়ে যান। পরে তার মৃতদেহ উদ্ধার হয়।