“এখানে মানুষ মানুষকে ছিঁড়ে খায়…’, নির্যাতিতার বিয়ের ‘স্বপ্নভঙ্গ’, নিয়ে কী লিখলেন শ্রুতি?

আরজি কর হাসপাতালের ঘটনায় গোটা বাংলা শোকস্তব্ধ। এই ঘটনায় সকলেই মর্মাহত। টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাসও এই ঘটনায় মন খারাপ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
শ্রুতি লিখেছেন, “যে মেয়েটার নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, তাঁর কিন্তু মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গিয়েছিল। ফোটোগ্রাফার ঠিক করা হয়ে গিয়েছিল। ব্যাঙ্কোয়েট বুক করা হয়ে গিয়েছিল। একমাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে কী করে থাকবে, হয়তো পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকেও ভেবে চলতো। হয়তো সেই রাতে মাকে ঘুমাতে বলেও ভেবেছে বিয়ের পর স্বপ্ন সব সামলাতে পারবে তো এভাবেই!”
তিনি আরও লিখেছেন, “বিয়ের আগে নানা চিন্তা ঘুরে-ফিরে ভিড় জমে এক মেয়ের মাথায়। বেনারসিটা হয়তো কেনা বাকি ছিলো আর দিন রাত হবু বর এর মাথা খেতো নাকে যেনো সিঁদুর পরে নাহলে কিন্তু ছবি ভালো আসবেনা। হয়তো বা হানিমুনের টিকিট বুকিং হয়ে গিয়েছিল তাঁদের। পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে নাকি পশু ঘেরা জঙ্গলে। পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে দানব। এখানে মানুষ মানুষকে ছিঁড়েখুঁড়ে খায়। সঙ্গে তার স্বপ্নগুলোও গিলে নেয়। ঘুম হচ্ছে? আমার হচ্ছে না।”
শ্রুতির এই পোস্টে এই ঘটনায় সবার মনের কষ্টের প্রতিফলন ঘটেছে। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে, এই ঘটনা কতটা ভয়ানক এবং কীভাবে একজন মেয়ের স্বপ্ন ছিন্ন হয়ে গিয়েছে।