মোদী-যোগীর প্রশংসা, রেগে গিয়ে স্ত্রীকে তিন তালাক দিলো স্বামী

উত্তরপ্রদেশের বাহরাইচে এক চাঞ্চল্যকর ঘটনায় তিন তালাকের শিকার হয়েছেন এক মহিলা। অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার কারণেই তাঁকে স্বামী তালাক দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাহরাইচের থানা জারওয়াল রোডের বাসিন্দা ওই মহিলা ২০২৩ সালে অযোধ্যার এক যুবককে বিয়ে করেছিলেন। বিয়ের পর অযোধ্যা ভ্রমণ করে তিনি শহরের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এই প্রশংসাই তাঁর স্বামীকে ক্ষুব্ধ করে তোলে।

এই ঘটনার পর স্বামী মহিলাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এবং তিন তালাক দেন। শুধু তাই নয়, মহিলা, তাঁর শাশুড়ি ও শ্বশুরের কাছ থেকে নির্যাতনও সহ্য করতে বাধ্য হন। অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে এবং শ্বাসরোধ করার চেষ্টাও করা হয়েছে।

মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী, শাশুড়ি, শ্বশুরসহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তাদের বিরুদ্ধে লাঞ্ছনা, অপব্যবহার, হুমকি এবং যৌতুক নিষেধাজ্ঞা আইনসহ মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।