GOLD: হু হু করে বাড়ছে দাম, বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে প্রথমবারের মতো মূল্যবান ধাতু স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ২ হাজার ৫১৪ ডলারে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রয় আউন্স (১ ট্রয় আউন্স= ৩১ গ্রাম) পরিমাপের হিসাবে স্বর্ণের দাম এ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এতে করে ৪০০ ট্রয় আউন্স ওজনের প্রতিটি স্বর্ণের বারের মূল্য বেড়ে হয়েছে ১০ লাখ ডলার।
ফ্যাক্ট শিটের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর তুলনায় একই সময়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি বেড়েছে ৬২০ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দামের প্রভাব পড়েছে দেশের বাজারেও। প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সাম্প্রতিক দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। স্বর্ণ কেনার আগ্রহ প্রায়শই অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বেড়ে যায়। মুদ্রাস্ফীতি এবং মার্কিন ডলারের মান বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে একধরনের উদ্বেগ বেড়ে যায়। এমন সময় অনেকে তাদের অর্থ নিজের আয়ত্বে রাখতে বিকল্প জায়গা খোঁজে। এর আগে কোভিড-১৯ মহামারির প্রথম দিকে বিশ্বব্যাপী স্বর্ণের দাম বাড়ে।
ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের একজন পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেছেন, সাম্প্রতিক স্বর্ণের দাম বাড়ার পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে দুর্বল মার্কিন ডলার। আশা করা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ আগামী মাসে তার বেঞ্চমার্ক সুদের হার কমিয়ে দেবে।