BigNews: ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ অসমে, প্রতিবাদে ডাকা হলো বনধ

নওগাঁ জেলার ধিং এলাকায় ১৪ বছরের এক কিশোরী তিনজন পুরুষের লালসার শিকার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণির ওই ছাত্রীকে স্থানীয় একটি পুকুরের পাড়ে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পাশেই পড়ে ছিল তার সাইকেল। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নাবালিকাকে ধিং এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাত রয়েছে। বর্তমানে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সন্ধ্যায় টিউশন সেরে ফেরার সময়ে নাবালিকার সঙ্গে এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে অর্ধনগ্ন অবস্থায় পুকুরের পাড়ে পড়ে ছিল সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এই ঘটনা জানাজানি হতেই ফুঁসে ওঠে নওগাঁর ধিং এলাকা। বনধ ডাকে স্থানীয় ছাত্র সংগঠন।