“লক্ষ্মীর ভাণ্ডার না চাইলে, ফেরত ফর্ম ফিল আপ করুন”, – সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুণালের

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষ।
আর সেই আন্দোলনে শামিল হয়ে বিরোধীদের একাংশ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে সামনে রেখে প্রশ্ন ছুড়েছিল, ‘বাংলায় লক্ষ্মীরা আদৌ সুরক্ষিত তো?’ আর এবার সেই বিরোধীদের উদ্যেশে কটাক্ষ করে খোঁচা দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।’ কুণালের সংযোজন, ‘আমরাও আরজি করের দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।’
রাজ্য বিজেপির মুখপাত্র রাধিকা ভট্টাচার্য শাহ বলেন, ‘এই সমস্ত আবোল-তাবোল কথাবার্তা। ওঁদের দলের সরকার রয়েছে। তাই তিনি কী বলতে চাইছেন মানুষ ঠিক বুঝে নেবে।’
যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।
আমরাও RGKor দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 23, 2024
শাসক দলের এক নেতার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা এই প্রকল্পগুলি যে মহিলাদের কল্যাণ করেছে, তা বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজনীতি না করার আর্জি জানিয়েছেন। তা সত্ত্বেও অনেকে ক্ষান্ত হচ্ছেন না। তাঁরাই এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।’