বাংলার প্রতিবেশী রাজ্যেই মিলেছে সোনার খনির সন্ধান, শিগ্রই নিলামে তুলবে সরকার

বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশায় সোনার খনির সন্ধান মিলেছে। জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় দেওঘর, কেওনঝাড় এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার মজুদ থাকার সম্ভাবনা দেখা গেছে। বিশেষ করে, দেওঘর জেলার আরাস রামপল্লি এলাকায় সোনার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ওড়িশা সরকার এই নতুন আবিষ্কারকে কাজে লাগাতে চাইছে। রাজ্য সরকার এই সোনার খনিগুলিকে নিলামে তোলার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার, রাজ্যের স্টিল ও খনি দফতরের মন্ত্রী বিভূতি জেনা জানিয়েছেন যে, ওড়িশা সরকার প্রথমবারের মতো একটি সোনার খনিকে নিলামে তুলতে যাচ্ছে।
এর আগে, কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতির প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, জিএসআই এর একটি পূর্ববর্তী সমীক্ষায় কেওনঝাড় জেলার গোপাউর এবং গাজিপুর এলাকায় সোনার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ১৯৮১-৮৩ এবং ১৯৮৯-৯৬ সালের মধ্যে এই সমীক্ষাগুলো হয়েছিল।
ওড়িশায় সোনার খনির আবিষ্কার রাজ্যের অর্থনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করতে পারে। রাজ্য সরকার এই খনিগুলিকে ব্যবহার করে রাজস্ব বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে।