“কলেজগুলির অর্ধেক আসনই খালি”- ছাত্র-ছাত্রীদের ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

উচ্চশিক্ষা দপ্তর গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের খালি আসন পূরণের দায়িত্ব কলেজগুলিকে দিয়েছে। তবে এই কলেজভিত্তিক অনলাইন ভর্তি প্রক্রিয়া ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

কলেজগুলি ইতিমধ্যেই অর্ধেক আসন খালি থাকায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসেই প্রকাশিত হওয়ায় এই দেরিতে শিক্ষার্থীদের পাওয়া কঠিন হবে বলে কলেজ অধ্যক্ষরা মনে করছেন। তারা আরও বলছেন, নতুন করে কলেজভিত্তিক পোর্টাল খোলার ফলে অতিরিক্ত খরচও বাড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে হবে এবং এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য ডাকা হবে না। নথি স্ক্যান, আপলোড বা ফর্মের জন্য কোনও ফি নেওয়া হবে না। শুধুমাত্র ভর্তির ফি ই-পেমেন্ট বা ব্যাঙ্কের মাধ্যমে দিতে হবে।

লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার বলেন, “এত দেরিতে শূন্যপদ পূরণের জন্য নতুন করে কলেজভিত্তিক অনলাইন প্রক্রিয়া শুরু করা হলে অনেক সময় নষ্ট হবে। ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গিয়েছে।”

নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, “সংরক্ষিত আসন ডি-রিজ়ার্ভ না-করেই কলেজের হাতে ভর্তি প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে। এতে আমাদের বিপুল খরচ হবে এবং গ্রাম ও মফস্সলের কলেজগুলি প্রবল সমস্যায় পড়বে।”