“দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯০টি ধর্ষণ…”-কড়া আইন চেয়ে মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা

দেশজুড়ে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে, এই পরিস্থিতিতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তনের দাবি জানিয়ে কেন্দ্রকে চাপ দিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। তিনি দাবি করেছেন যে, এই ধরনের ঘটনায় ৫০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়া উচিত এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।
আর এবার সেই একই দাবি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী মোদিকে লিখলেন চিঠি।
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠি পড়ে শোনান। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে ৯০ জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজের আত্মবিশ্বাস টলে যাচ্ছে। তাই এর অবসান ঘটানো জরুরি”।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এজন্য একটি কেন্দ্রীয় আইন প্রনয়ন করা উচিত। যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়। এই সব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার। যাতে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করা যায়।