“টানা ৩৬ ঘণ্টা ডিউটি, ‘হাসপাতালের মেঝেতে শুয়েছিলাম …”-অভিজ্ঞতা জানালেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় আরজি কর মামলার শুনানিতে চিকিৎসকদের দীর্ঘদিন ধরে টানা ডিউটি করার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, “আমার পরিবারের একজন অসুস্থ হলে আমি হাসপাতালের মেঝেতে শুয়েছিলাম। আমরা সবাই জানি চিকিৎসকরা কত কঠিন পরিশ্রম করেন, কখনও কখনও ৩৬ ঘণ্টা একটানা কাজ করতে হয়।” তিনি আরও জুনিয়র চিকিৎসকদের যে চাপের মধ্যে কাজ করতে হয় সে সম্পর্কে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, আরজি কর মামলার নিহত চিকিৎসক নাইট ডিউটিতে কর্মরত ছিলেন। তাঁর দেহ সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল। পুলিশের দাবি, তাঁকে সেখানেই ধর্ষণ ও খুন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে।

সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফিরার আহ্বান জানিয়েছে। সুপ্রিম কোর্ট পুলিশের কাজে অসন্তোষ প্রকাশ করেছে। প্রধান বিচারপতি বলেছেন , “আমি আমার ৩০ বছরের কর্মজীবনে পুলিশের এত গাফিলতি দেখিনি। পশ্চিমবঙ্গ পুলিশের আচরণ লজ্জাজনক। সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী, পরিবারকে ঘটনার খবর দেরিতে দেওয়া হয়েছিল এবং প্রথমে একে আত্মহত্যা বলা হয়েছিল।” সিবিআই আরও দাবি করেছে যে ঘটনাস্থলের সাক্ষ্য ধ্বংস করার চেষ্টা করা হয়েছে।