“গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু”-জানালেন ব্লিঙ্কেন

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই যুদ্ধবিরতির এই প্রস্তাব হামাসকেও মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আজ একটি অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। সেখানে তিনি আমাকে নিশ্চিত করেছেন যে ইসরায়েল সেতুবন্ধনমূলক এই প্রস্তাব গ্রহণ করেছে। তিনিও এটি সমর্থন করেন।

তিনি জানান, এখন হামাসের দায়িত্ব একই কাজ করা। তারপরে মধ্যস্থতাকারীদের সহায়তায় সব পক্ষকে একত্রে বসতে হবে। এই চুক্তির আওতায় যেসব প্রতিশ্রুতি দেয়া হবে সেগুলো তারা কীভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে স্পষ্ট বোঝাপড়ায় পৌঁছানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে ৯ বারের মতো সফর করেছেন ব্লিঙ্কেন। হামাস ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান মতবিরোধ দূর করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত প্রস্তাব পেশ করার কয়েকদিন পরই তিনি ইসরায়েল সফরে গেলেন।

যদিও ফিলিস্তিনি সংগঠনের অভিযোগ, ইসরায়েলকে আরো গণহত্যা পরিচালনায় সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে সোমবার তেল আবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করেন ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।