ফ্ল্যাট ভাড়া করে চলছে দেদার রেস্তোরাঁ-হুক্কা বার, আইন বদলের ভাবনা পুরসভার

হরের আনাচে-কানাচে আবাসিক ভবনগুলোতে রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান এবং হুক্কা বারের সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে অনেক বাসিন্দা রান্নার ধোঁয়ায় দমবন্ধ হয়ে পড়ছেন। এই সমস্যা নিয়ে পুরসভার কাছে প্রতিদিনই অভিযোগ জমা হচ্ছে। কিন্তু আবাসিক ভবনে রেস্তোরাঁ খোলার বিষয়ে স্পষ্ট কোনো আইন না থাকায় পুরসভা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তাই এই সমস্যা সমাধানের জন্য পুরসভা নতুন আইন করার কথা ভাবছে।
নতুন আইন অনুযায়ী, কোনও আবাসিক ভবনে রেস্তোরাঁ খুলতে হলে অন্য বাসিন্দাদের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে যদি কেউ রেস্তোরাঁ চালায়, তাহলে পুরসভা সেটি বন্ধ করে দিতে পারবে।
এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কলকাতায় রেস্তোরাঁ এবং ফাস্ট ফুডের দোকান অনেক বেড়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবাসিক বাড়ির নীচতলায় কিংবা গ্যারেজের কিছুটা জায়গা দখল করে রাতারাতি খাবারের দোকান তৈরি হয়ে যাচ্ছে। সারা দিন সেখানে রান্নাবান্না চলছে। এতে উপরের ঘরের জানলা দিয়ে ধোঁয়া ঢুকবে, এটাই স্বাভাবিক। তাতে অন্য আবাসিকদের খুব সমস্যা হচ্ছে। এটা বন্ধ করার জন্য অফিসারদের সমস্ত আইনি দিক খতিয়ে দেখার কথা জানিয়েছি। দরকার হলে আইন সংশোধনও করব আমরা।’