“ওদের কাছে এত সময় আছে, আমার নেই”-আরজি কর কাণ্ড ও ট্রল নিয়ে পাল্টা দিলেন রচনা

স্বাধীনতা দিবসের আগের রাতে, রাজ্য জুড়ে মহিলারা আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। এই প্রতিবাদে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন।

একটি ভিডিও বার্তায় রচনা বলেন, “আমি একজন মহিলা হিসাবে, একজন মায়ের হিসাবে, আজ আপনাদের সকলের সঙ্গে আছি। আমরা কি স্বাধীন? দেশ স্বাধীন হলেও, আমরা কি স্বাধীন? দিল্লি হোক, মুম্বই হোক, নাকি মণিপুর, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই।”

ভিডিও বার্তায় তাঁকে পরিপাটি করে কাজল পরে, আইব্রো এঁকে কথা বলতে দেখা যায়। এমনকি কাঁদতেও। আর সেই কারণেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়।

রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে জানান, ‘ যবে থেকে আমার তৃণমূলে যাত্রা শুরু হয়েছে তবে থেকেই আমায় নিয়ে ট্রোল করা হচ্ছে। এতে আমার কিছু যায় আসে না। আমি যে ভিডিয়োটি বানিয়েছিলাম সেটা মন থেকেই বানিয়েছিলাম। পোস্ট করেছিলাম। আমি একজন শিল্পী, আমার কান্নাকে ওরা নাটক ভাবল। চোখের জলকে গ্লিসারিন ভাবল। মানুষ কত ভাবেই না আরেকজন মানুষকে ট্রোল করে। অনেকে তো ঋতুপর্ণার শঙ্খ বাজানোকেও ট্রোল করেছে।’

তিনি এদিন আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটল। এমন পরিস্থিতিতে সেটা নিয়ে একজন মানুষ আরেকজনকে কটাক্ষ করছে। যার সঙ্গে এমন ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত সবার। সেটা না করে আমার চোখে কাজল আছে কিনা সেটা নিয়ে কথা বলছে মানুষ। ওদের কাছে এত সময় আছে, আমার নেই। আমি এর বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। আমি হুগলির সাংসদ হিসেবে পথে নেমেছি। অনেক মানুষই হেঁটেছেন। এটা দরকার ছিল।’