“আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে…”-RG Kar-কাণ্ডে কটাক্ষের মুখে জানালেন সৌরভ

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও মুখ খুলেছেন। তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এর আগেও তিনি এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে তাঁর বক্তব্য নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেছিলেন। সৌরভ দাবি করেছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সৌরভ সেদিন বলেছিলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিৎ, একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার থাকা উচিত।’

তিনি আরও বলেছিলেন, একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।

সৌরভের মতে, এই ধরনের ঘটনা কোথাও ঘটতে পারে, কিন্তু হাসপাতালে এমন ঘটনা ঘটলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবেই। তিনি আরও বলেছেন, একটা ঘটনার জন্য পুরো সিস্টেমকে দোষ দেওয়া উচিত নয়।

তবে তিনি ডাক্তারদের আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ডাক্তারদের দাবি যৌক্তিক, কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত।