সেমিনার হলেই খুন করা হয়েছে ?-সন্দেহপ্রকাশ নিহত চিকিৎসকের বাবার

কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় নিয়েছে। মৃত চিকিৎসকের বাবা-মা দাবি করেছেন, তাঁদের মেয়ের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। তাঁরা সন্দেহ করছেন, হত্যাকাণ্ডটি হয়তো সেই সেমিনার হলেই ঘটেনি, বরং অন্য কোথাও ঘটিয়ে দেহটি সেখানে ফেলে দেওয়া হয়েছে।
মৃতার বাবা আরও দাবি করেছেন, পুরো ফুসফুস ও বক্ষরোগ বিভাগের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটতে পারে। তিনি ইন্টার্নদেরও সন্দেহের তালিকায় রেখেছেন। যদিও পরে তিনি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
মৃতার মা জানিয়েছেন, তাঁর মেয়ের মরদেহ দেখে তিনি মনে করেন একজন ব্যক্তি এত বড় অপরাধ করতে পারে না। ফরেনসিক বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন। তাঁরা মনে করেন, এই ঘটনার পেছনে একটা বড় চক্র কাজ করছে।
শনিবার মৃত চিকিৎসকের বাবা বলেন, ‘আমার তো এখন মনে হচ্ছে ওখানে যে খুন করা হয়েছিল, তা নিয়েও সন্দেহ রয়েছে।’ তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘তাহলে কি অন্য ঘরে খুন হয়েছে?’ তাঁর উত্তর, ‘হতে পারে। হয়তো তথ্য প্রমাণ লোপাটের জন্যই এটা হয়ে থাকতে পারে।’
তাঁর দাবি, ‘ডিপার্টমেন্টের গাফিলতি যদি না থাকতো, এই ঘটনা ঘটত না।’
মৃতার মায়ের স্পষ্ট বক্তব্য, ‘আমার মেয়ের মরদেহ দেখে কখনোই মনে হয়নি একা একজন ব্যক্তির পক্ষে এই কাজ করা সম্ভব।’