ফার্মাসি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য, হস্টেলে উদ্ধার হলো দেহ, ফের শোরগোল বাংলায়

গোটা দেশে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ চলার মধ্যেই রঘুনাথগঞ্জে এক ফার্মাসি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম রোহিদ করিম। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোহিদ মিয়াপুরের একটি বেসরকারি ফার্মাসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তার হস্টেল রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

রোহিদের বাবা-মা পুলিশে অভিযোগ করেছেন যে, তাদের ছেলের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁরা দাবি করছেন, কলেজ কর্তৃপক্ষ আত্মহত্যার কথা বললেও, তাদের মতে এটি খুন। পরিবারের সঙ্গে শেষবার কথা হওয়ার পর থেকে রোহিদের ফোনে কোনো সাড়া মেলেনি।

এই ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনার স্মরণ করিয়ে দিয়েছে, যেখানেও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল।