“বাবা মারা গেছে ,গাইড করার কেউ নেই”- RG Kar নিয়ে সরব শ্রীলেখার নিরাপত্তা নিয়ে ভয়ে পরিবার

আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রথম থেকেই সোচ্চার হয়েছেন। তিনি শুধু অপরাধকে নিন্দা করেই থাকেননি, বরং এই ঘটনাকে আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন। তিনি বিশেষ করে রাজ্যের শাসক দল এবং টলিউডের অনেক তারকার চুপ থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার ফেসবুক লাইভে আসার সময় শ্রীলেখা মিত্র খুবই আবেগাপ্লব হয়ে পড়েন। তিনি জানান, তাঁর এই বক্তব্যের ফলে তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হতে পারে। তবুও সত্যি কথা বলার সাহস তিনি হারাতে পারেননি।

তিনি বলেছিলেন, “আমি লজ্জিত আমার ইন্ডাস্ট্রির লোকেদের নাটক দেখে। যারা অরাজনৈতিক বলছেন, পিঠ বাঁচিয়ে চলার তাগিদে। উপরওয়ালাকে না খচিয়ে। ধরি মাছ না ছুঁই মানি হাবভাব। যারা শাঁখ বাজিয়ে, কেঁদে… এটা না খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি। যেই মেয়েটা মারা গেছে না তার প্রতি অশ্রদ্ধা, ওর মা-বাবার প্রতি অশ্রদ্ধা। পুরো প্রতিবাদটাকে অশ্রদ্ধা।”

শ্রীলেখা আরও বলেন, “আমাদের এখানে এখনো রেপ ভিক্টিমদের দোষী করা হয়। এই সিস্টেমটার সঙ্গে নিজেকে ফিট ইন করতে পারি না। আমি এটা কোনও ভাইরাল হওয়ার জন্য করছি না। আমার কোনও মোহ নেই এসবে। আমি যেই দলকে সাপোর্ট করি, সেই দল যদি শাসক হিসাবে থাকত, এবং তাখন এই ঘটনা হত, আমি এভাবেই বিরোধিতা করতাম।”

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “হেসে, মিম বানিয়ে ভুলে যাবেন না। রাগটাকে জিইয়ে রাখুন। জাস্টিস চাই। কাওকে ফাসিয়ে দিয়ে নয়, সত্যি অপরাধের শাস্তি চাই। আমাদের কাছে, মেয়েটির বাবা-মায়ের কাছে সঠিক ক্লোজারটা খুব গুরুত্বপূর্ণ। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদেরবলব নাটক করবেন না। একটা ঘরে গিয়ে বসে মাথা ঠান্ডা করে ভাবুন। নিজের আত্মাকে জবাব দিন। আপনারা বিক্রি হয়ে গেছেন। লোকজন গাধা নয়।”