“মেয়ে না ভেবে মানুষ ভাবুক!”-পাশে এবার ঢাকাও, RG Kar এর ন্যায় চেয়ে মিছিল পড়ুয়াদের

RG Kar কাণ্ডের প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়লো বাংলাদেশেও। ধর্ষণের বিরূহে প্রতিবাদ জানিয়ে ‘আওয়াজ তোলো নারী’-র ব্যানারে একদল শিক্ষার্থী এই মানব বন্ধন প্রতিবাদের আয়োজনে শামিল হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষণের ঘটনার পরেও মেডিক্যালে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে। ভারতের কথা বাদ দিলেও, আমাদের দেশে তনু, মুনিয়ার জন্যও আমরা কোনও বিচার পাইনি। সাড়ে ৪ হাজার ধর্ষণ মামলার মধ্যে হাতে গোনা ৪-৫টা মামলার বিচার হয়েছে। আমাদের দাবি, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা যেখানে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে নারীদের জন্য বিচার চাই, আইন ও তার প্রয়োগ চাই।’
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আনিকা তাহসিনার কথায়, ‘দুনিয়া জুড়ে নারীরা এখনও বৈষম্যের শিকার। সেটা দূর করতে নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রচেষ্টা দরকার।’ নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলেয়া তাহমিম বলেন, ‘আমরা আজ বাংলাদেশে দাঁড়িয়ে ভারতের কথা বলছি বটে, তবে ধর্ষণের নিরপেক্ষ বিচারে ভারতে কিছুটা হলেও স্বাধীনতা রয়েছে। কিন্তু বাংলাদেশে তা কখনও ছিল না। বিগত ক্ষমতাসীন সরকার ধর্ষকদের বিচার করার চাইতে ধর্ষকদের শেল্টার দিয়েছে বেশি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামাল বলছেন, ‘এ দেশে ধর্ষণের ঘটনা এতই বেশি যে, একটি ঘটনা বলতে গেলে আরেকটি ঘটনার কথা মনে পড়ে যায়। সিলেট এমসি কলেজের ধর্ষণের ঘটনায় দেখলাম চারটি নিউজ় চার রকম। কেন এমন হবে? আমাদের বলা হয়, মেয়েদের সেল্ফ ডিফেন্স, ক্যারাটে শিখতে হবে। সরকারি-বেসরকারি সেমিনার করা হয়। কিন্তু ছেলেদের নিয়ে ক’টা সেমিনার হয়েছে, যেখানে তারা মেয়েদের শরীর না ভেবে মানুষের শরীর ভাববে!’