“পায়ে ধরে বলছি, এবার কাজে নামুন”-চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ মুখ্যমন্ত্রীর

“আরজি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। চিকিৎসকরা প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাছে কাতর আবেদন করেছেন কর্মবিরতি প্রত্যাহার করার জন্য। তিনি বলেছেন, ‘পায়ে ধরে বলছি, এবার কাজে নামুন।’ মুখ্যমন্ত্রীর দাবি, এই কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘটনায় মুখ্যমন্ত্রী সরব হন এবং চিকিৎসকদের কাছে কর্মবিরতি তোলার আবেদন জানান।”
মমতা বলেন, ‘চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। তাঁদের মধ্যে একটি বাচ্চাও রয়েছে। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। দয়া করে, অনুগ্রহ করে, আর কী করতে পারি। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। চিকিৎসার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন। আমার সচিব আবেদন জানিয়েছেন। আজ আমি আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু বলেন, ‘স্বাধীনতা দিবসের সকালে পতাকা তুলুন, বিকেলে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করুন।’ শুভেন্দু আরও বলেন, ‘ একমাত্র দাবি পদত্যাগ করুন।’ বিজেপি বিধায়করা আগামীকাল ধর্নায় বসবেন বলেও এদিন জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু আরও বলেছেন, ‘জঘন্য অপরাধ হয়েছে। আদালাতের পর্যবেক্ষণে অবিলম্বে সিবিআই তদন্ত করা হোক। সবাই রাস্তায় নেমে নবান্নে চলুন।’