“বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে…”-পাল্টা রাস্তায় নামার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

১৪ আগস্ট মধ্যরাতে মহিলারা শহরে নেমে আসার ঘটনায় তৃণমূল কংগ্রেস বিজেপি ও বাম দলকে দায়ী করেছে। প্রতিবাদে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ আগস্ট থেকে সারা বাংলায় মিছিল ও আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৭ তারিখে ব্লক ও ওয়ার্ড পর্যায়ে, ১৮ তারিখে ব্লক পর্যায়ে ধর্না এবং ১৯ তারিখে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মমতা বলেন,’মনে পড়ে বানতলায় ড অনিতা দেওয়ানের কথা? বামফ্রন্ট সরকার ছিল। ভুলে গেছেন? অনেকেই এখন জানেন না। আমার মনে আছে কারণ আমি সেখানে গিয়ে একটা গাছের চারা লাগিয়ে এসেছিলাম। যারা ফেসবুক টুইটারে সস্তার রাজনীতি করতে গিয়ে ভুলে গিয়েছেন, নিজেকে আয়নায় দেখুন। আমি ঘটনাটা জানি, ১৯ জন আনন্দ মার্গীকে কারা পুড়িয়ে মেরেছিল, কারা? সেই সিপিএম দল। নন্দীগ্রামে গুলি করে হত্যা, ১০ জনকে বাঁশে বেঁধে জলে ফেলা, সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল’।

তাঁর কথায়,’আমি যদি বিনা প্রমাণে ধরি, তাহলে কীভাবে হবে। ধনঞ্জয়ে দেখছেন, যে সাক্ষী দিয়ছিল, সে এখন বলছে আমি পাপ বোধ করছি। তখন তাতে বাম সরকার সাপোর্ট করেছিল। আমার বলতে খারাপ লাগছে, তখন বুদ্ধদেববাবুর আমল। সেই সময় অনেক ঘটনা ঘটেছিল। যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই আমি ভুল সাক্ষী দিয়েছিলাম’।

তাঁর সংযোজন,’আপনি একটা দোষী লোককে ফাঁসী দিন, আপত্তি নেই। একটা, হাজারটা দোষী লোককে আপনি ধরুন আমাদের আপত্তি নেই। আমরা হাইকোর্টের রায় মেনে চলব, আমাদের কোনও লেনাদেনা নেই, এই পাশবিক হত্যায় দোষী ব্যক্তিকে নিশ্চই যেন ফাঁসী দেওয়া হয়। আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু তার আগেই সিবিআইকে দেওয়া হল’।