বোরকা পরে ভারত ছেড়েছেন শেখ হাসিনা? জেনেনিন বিস্তারিত তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরছে। এতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনাকে বোরকা পরিহিত দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বোরকা পরে ভারত ছাড়ছেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর চারপাশে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিও দেখা যায়। ফেসবুকে অনেক ব্যবহারকারী দাবি করেছেন, শেখ হাসিনাকে ভারত ছাড়তে দেখা যাচ্ছে ভিডিওতে।
ফেসবুকের একজন ব্যবহারকারী এই পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘‘বোরকা পরে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে আপা।’’
ফেসবুকে ভাইরাল এই পোস্টের বিষয়ে ফ্যাক্ট চেক করে এতে দেখা যায়, শেখ হাসিনার বোরকা পরে ভারত ছাড়ার দাবিটি মিথ্যে।
ফেসবুকে ভাইরাল ভিডিওটি গত বছরের নভেম্বরের এবং বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়া হাসিনার ভারত ত্যাগের সাথে এর কোনও সম্পর্ক নেই।
যে কারণে এটা চূড়ান্তভাবে বলা যায়, শেখ হাসিনার বোরকা পরে ভারত ত্যাগ করার দাবিতে ভাইরাল পোস্টটি মিথ্যা। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ থেকে ভারত হয়ে শেখ হাসিনার অন্য কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত তা হচ্ছে না। কারণ যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর সাবেক এই প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও বলেছেন, আপাতত তৃতীয় কোনও দেশে যাওয়ার পরিকল্পনা নেই তার মায়ের। তিনি দিল্লিতেই থাকবেন বলে জানিয়েছেন জয়।